নথুল্লাবাদ-চৌমাথা-রুপাতলী এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ, নগরীতে সিটি বাস সার্ভিস চালু এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করাসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নথুল্লাবাদ-চৌমাথা-রুপাতলী বাসস্ট্যান্ডে অনতিবিলম্বে ফুটওভারব্রিজ নির্মাণ, বরিশাল নগরীতে দ্রুত সিটি বাস সার্ভিস চালু এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড়-নথুল্লাবাদ-রুপাতলী অংশ ছয় লেনে উন্নীত করা।
এ ছাড়া নগরীতে চলাচলকারী অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রকাশ ও কার্যকর এবং যানজট নিরসনে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কর্মসূচিতে শিক্ষার্থী নাইম বলেন, “নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন এসব এলাকায় বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। কিন্তু নিরাপদে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। আমরা চাই, দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ করে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।।
শিক্ষার্থী রোহান বলেন, “বরিশালে সিটি বাস না থাকায় সাধারণ মানুষকে অটোরিকশা ও সিএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে ভাড়া নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধ হয়। তাই সিটি বাস চালুর পাশাপাশি অটোরিকশা-সিএনজির ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করতে হবে।”
অবস্থান কর্মসূচি তে অংশ নেয়া শিক্ষার্থীরা আরো বলেন
“বরিশালের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করা জরুরি। একই সঙ্গে নগরীর যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত না হলে একটি সুন্দর ও আধুনিক বরিশাল গড়ে তোলা সম্ভব নয়।”
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
https://slotbet.online/