বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরহোগলা এলাকায় দুর্বৃত্তদের দৌরাত্ম্যে বিদ্যুতের ট্রান্সফরমার ও ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। একই রাতে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের ক্যাবল কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। এতে অন্তত ৩৬টি পরিবার গত শুক্রবার রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে ট্রান্সফরমার খুলে নিয়ে যায় এবং আশপাশের লাইন থেকে ক্যাবল কেটে লুট করে। পরদিন সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে হতবাক হয়ে পড়েন।
বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ফ্যান ও লাইট বন্ধ থাকায় রাত কাটানো কষ্টকর হয়ে উঠেছে। পানির মোটর বন্ধ থাকায় দেখা দিয়েছে পানির সংকট। এছাড়া ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন অনেকে।
ভুক্তভোগী ইউনুস মুন্সি বলেন, আমরা ৩৬টি পরিবার এখন অন্ধকারে কাতরাচ্ছি। দুই দিন ধরে বাচ্চাদের নিয়ে ঘুমাতে পারছি না। ফ্রিজের মাছ-মাংস সব পচে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শামিম ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে তীব্র গরমে লোডশেডিং, অন্যদিকে ট্রান্সফরমার চুরি এ যেন মরার উপর খাঁড়ার ঘা। দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান তিনি।
পল্লী বিদ্যুতের এজিএম মো. ফিরোজ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমাদের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এটি স্থাপন কিছুটা সময়সাপেক্ষ।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় নিয়মিত টহলের অভাবেই বারবার এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/