ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে রাজধানীসহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা, ভোগান্তি কমানো এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
সোমবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি নদীবন্দরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি জানান, ঈদ উপলক্ষে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় বরিশাল নৌঘাটে পল্টুন সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের ওঠানামা সহজ ও নিরাপদ করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের হয়রানি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে মাঠে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ কর্তন শতভাগ কার্যকর করা হয়েছে। এ বিষয়ে কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের ফলে ঈদ পরবর্তী যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, লঞ্চ মালিক আজিজুল হক আক্কাস প্রমূখ।
https://slotbet.online/