ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি। আজ সোমবার দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আজ দুপুর থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হচ্ছে। পাশাপাশি গণভোটের ক্ষেত্রে জেলা জাতীয় পার্টি ‘না’ ভোটকে সমর্থন জানিয়েছে। এ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
জেলা জাতীয় পার্টির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোনো প্রার্থী না থাকায় আমরা ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের সব নেতা–কর্মীর মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানাকে সমর্থন দিলাম। এ আসনে আমরা স্থানীয় পর্যায়ে ধানের শীষ মার্কায় ভোট দেব এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গণভোটে আমরা “না” ভোটের পক্ষে ভোট দেব।’
উল্লেখ্য, ঝালকাঠি–২ আসনে জাতীয় পার্টি থেকে দুবারের (১৯৮৬-১৯৯০) ও (১৯৯৬- ২০০০) নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানার স্বামী।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা জাতীয় পার্টি নেতা–কর্মীদের সঙ্গে পরামর্শ করে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছি। তাঁর স্বামী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি এ এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই সহানুভূতি থেকেই ইলেন ভুট্টোকে সমর্থন দিয়েছি।’
আসনটিতে ইসরাত সুলতানার অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত দলটির জেলা আমির হাফিজুর রহমান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির সমর্থন ভোটের মাঠে কোনো প্রভাব বিস্তার করবে না। জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাই জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে।
https://slotbet.online/