বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী অবস্থান করছেন। ৬৫০ জন বন্দী ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারটিতে বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় ১৪শ’ জন। ফলে নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১১৫ শতাংশ বেশি বন্দী নিয়ে পরিচালিত হচ্ছে কারাগারটি। এতে কারাগারের আবাসন, দৈনন্দিন ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে বাড়তি চাঁপ সৃষ্টি হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানোর কারণে বন্দীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টদের মতে, একটি কারাগারের নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা বেশি হলে আবাসন ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার পরিবেশন, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পরে। একই সঙ্গে বন্দীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেও কারা কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
সূত্রমতে, ৬৫০ জনের ধারণক্ষমতার বিপরীতে প্রায় ১ হাজার ৪০০ বন্দী থাকায় স্বাভাবিকভাবেই কারাগারটির ওপর অতিরিক্ত চাঁপ তৈরি হয়েছে। ধারণক্ষমতার তুলনায় এতো বিপুলসংখ্যক বন্দীকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আওতায় রাখা কারা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কারাগারে বন্দীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে কারাগারের ব্যবস্থাপনায় বাড়তি চাঁপ তৈরি হলেও বন্দীদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে।
সার্বিকভাবে কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বন্দীদের মানবিক জীবনযাপন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে কারাগারের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধার সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://slotbet.online/