বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর একাধিক রাজনৈতিক কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মো. শাহিন সিকদারের নেতৃত্বে একটি দল আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেয়। শুক্রবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা দলে যোগদান করেন।
জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন (রোকন ডাকুয়া) এর হাতে সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন শাহিন সিকদার। পরে তিনি বাকেরগঞ্জের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে দলের মুহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেন।
যোগদান প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন বলেন, শাহিন সিকদার তাঁদের দলের কার্যক্রমের প্রতি আগ্রহী হয়ে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। পরে দলীয়ভাবে দাওয়াত দেওয়া হলে তিনি নিজ ইচ্ছায় ইসলামী আন্দোলনে যোগ দেন।
শাহিন সিকদার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। এর আগে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত নির্বাচনে জামায়াতের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নিজ কেন্দ্রে দলটির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন বলে জানা গেছে। ঢাকায় অবস্থানকালেও তিনি জামায়াতের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
এক ভিডিও বার্তায় শাহিন সিকদার নিজেই জামায়াতের সঙ্গে পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে রাজনৈতিকভাবে জামায়াতকে সমর্থন করতেন এবং বিগত নির্বাচনে তাঁর কেন্দ্রে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি জামায়াতের সমর্থন থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। এ সময় এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকেও সঙ্গে নিয়ে দলে যোগ দেওয়ার কথা জানান তিনি।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ শাহিন সিকদারকে দলে স্বাগত জানান। দলের আমিরের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
https://slotbet.online/