জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের কলা ভবন-১-এর ২০২ নম্বর কক্ষে ‘উন্নত মম শির’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবদুর রহমান সরদার।
এ সময় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুল আহসান হিরু, সহকারী অধ্যাপক সংগীতা সরকার, আছিয়া খাতুন তন্বী, মো. নূরুল আমীন মোল্লা, মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং প্রভাষক ফাতিহা নাজনীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মুনমুন আহমেদ।
আলোচনায় বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, বাংলাদেশে আগমন এবং এ দেশের প্রতি তাঁর গভীর অনুরাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি থেকে শুরু করে অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নজরুলের কবিতা ও গান যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
বক্তারা আরও বলেন, ১৯২২ সালে রচিত নজরুলের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা ব্রিটিশবিরোধী আন্দোলনের পাশাপাশি অন্যায়, শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের সাহস জুগিয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও নজরুলের বিদ্রোহী চেতনা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বলে তাঁরা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. মহিউদ্দীন চৌধুরী বলেন, “কাজী নজরুল ইসলাম তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার বার্তা দিয়ে গেছেন। তাঁর চিন্তাধারা ও সাহিত্যকর্ম আমাদের জাতীয় জীবনে সবসময় আলোর দিশারী।” শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এমন আয়োজন প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
https://slotbet.online/