তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জলবায়ু ও বাসযোগ্যতা হুমকির মুখে পড়ছে। তাই পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নগরীর বেলস্ পার্কে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা কোনো ব্যক্তি বা একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর উন্নত দেশগুলোর অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে কার্বন নিঃসরণের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে পৃথিবীকে টিকিয়ে রাখতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে।
তিনি বলেন, মানবজাতির বসবাসের জন্য পৃথিবীই আমাদের একমাত্র গ্রহ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে যে কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। সরকার সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। ইতোমধ্যে এ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল বিভাগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু দেশপ্রেমের বিষয় নয়; এটি পৃথিবীর অস্তিত্ব এবং মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ আগামী ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী চলবে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হবে।
https://slotbet.online/