একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে বর্তমান সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির সূচনা করেছে। আমাদের তরুণ প্রজন্ম যেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় অঙ্গনেই প্রতিযোগিতায় সফলভাবে জয়ী হতে পারে সে লক্ষ্যে কাজ করছে।
শনিবার সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ সহকারী বলেন, সরকার ঘোষণা করেছে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। আমরা ক্রীড়াকে এমন একটি পেশাদার ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, যেখানে টাকার অভাবে কোনো প্রতিভা ঝরে পড়বে না। একই সাথে পাহাড়ি-সমতল এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন শিশুর মানসিক বিকাশে সঠিক পুষ্টির পাশাপাশি খেলার মাধ্যমে শিক্ষা বিশেষ ভূমিকা রাখে। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে রঙিন খেলনা ব্যবহারের মূল লক্ষ্যই হলো খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। একইভাবে, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও মানবিক সম্ভাবনার পূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত অপরিহার্য। এটা তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে দেশকে নেতৃত্বদানে এগিয়ে যেতে সাহায্য করবে।
উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন ও মোঃ আহসান হাবীব, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার জেলা পর্যায়ে নির্বাচিত ১২০ জন খেলোয়াড় আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছেন।
https://slotbet.online/