শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে বরিশাল মহানগরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক । নগরীতে পূর্বের ভাড়াই বহাল থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সভাপতিত্ব করেন।
সম্প্রতি বরিশাল নগরীতে থ্রি-হুইলার চালকরা বিভিন্ন অজুহাতে ভাড়া বৃদ্ধি করলে এ নিয়ে যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ১৮ জুন সাধারণ শিক্ষার্থীরা সিটি প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে রোববার সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ শতাধিক থ্রি-হুইলার আটকে প্রতিবাদ জানান।
সভায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় পূর্বের ভাড়াই বহাল থাকবে, কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। তিন মাস আগে যে ভাড়া ছিলো সেটাই বহাল থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে।
নগরবাসীর যাতায়াত সহজ করতে গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত দুটি সিটি বাস চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিসিসি প্রশাসক। এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, সেসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং অটোরিকশা মালিক-চালক উপস্থিত ছিলেন।
https://slotbet.online/