বরিশাল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা ২৩ মে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন সভায় সভাপতিত্ব করেন।
ঈদুল আযহা উপলক্ষে সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের ছিনতাইয়ের কবলে না পড়েন, সেজন্য ভ্রমণের সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও ঈদুল আযহার ছুটিতে বাড়ি ফেরার সময় পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং টানাপার্টির তৎপরতা অনেক বেড়ে যায় সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তায় ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করার অত্যন্ত জরুরি। অতিরিক্ত মুনাফার আশায় বাসে এবং লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী তুললে তা সবার জন্যই মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসতে পারে বলে তিনি জানান। ঝুঁকিমুক্ত ভ্রমণের জন্য অতিরিক্ত যাত্রী নেওয়া যাবেনা বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বরিশাল জেলার নথুল্লাবাদ ও রুপাতলি বাস টার্মিনালে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসে বহন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধকল্পে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং বাস মালিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হবে। এ ভিজিলেন্স টিম নথুল্লাবাদ ও রুপাতলি বাস টার্মিনালে নিয়মিত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সড়ক নিরাপত্তা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে বরিশাল বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৩৮ জনকে ১ কোটি ২৬ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক প্রদান করা হয়।
https://slotbet.online/