বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন কিশোরী ও দুইজন যুবক রয়েছেন। এ নিয়ে চলতি বছরে শুধু বরিশাল বিভাগেই ডেঙ্গুতে মোট ২৮ জনের মৃত্যু হলো। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
তিনি জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫)।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশালে ১০৪ জন, পটুয়াখালীতে ৯৭ জন, পিরোজপুরে ২১ জন, বরগুনায় ১১৭ জন এবং ঝালকাঠিতে ১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের শুরু থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১২ হাজার ৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুতে এ বছর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরগুনায় ১১ জন এবং পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।
এ রকম আরো সংবাদ...