• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ তিন দিনব্যাপী চরমোনাই অগ্রহায়ণের মাহফিল শুরু প্রয়াত সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ৪৯তম জন্মদিন আজ জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্ন কীর্তনখোলা নদী খননের পলি ও বালি গিয়ে ভরাট হচ্ছে রুপাতলী খাল প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক

তিন দিনব্যাপী চরমোনাই অগ্রহায়ণের মাহফিল শুরু

স্টাফ রিপোর্টার / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

‘পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। এ মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়নি। তাই এখানে যারা এসেছেন, তাদের দুনিয়াবি চিন্তা-ভাবনা পরিহার করে আত্মশুদ্ধির নিয়ত নিয়ে মাহফিলে অংশগ্রহণ করতে হবে।’ বলেছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট দুটি মাঠজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। তাঁর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের মাহফিল।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তারা অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করুন। দিল থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।

তিনি বলেন, কেউ যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসে থাকেন, তাহলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এ মাহফিলের মূল লক্ষ্য মানুষকে আল্লাহর পথে পরিচালিত করা এবং আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক গভীর করা।

উদ্বোধনী বয়ান শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।

এর আগে চরমোনাই ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে জুমার নামাজের আগে বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। বয়ানে তিনি বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে পর্দার বিধান ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে। ওই জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

এদিকে তিন দিনব্যাপী মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ লক্ষ্যে স্থাপন করা হয়েছে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে ১০টি অ্যাম্বুল্যান্স ও দুটি নৌ অ্যাম্বুল্যান্স। অসুস্থ মুসল্লিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দল মাঠজুড়ে কাজ করছে। কোনো মুসল্লি মৃত্যুবরণ করলে তাঁর মরদেহ বিনা মূল্যে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

চারটি মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম। এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খে চরমোনাই দুটি বয়ান পেশ করবেন।

এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও আমলি জীবনের উন্নয়নে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা হবে।

আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/