মোবাইল ফোন বন্ধ রেখে একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদীম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাঁকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে তিনি কুয়াকাটায় অবস্থান করছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় তাঁর সন্ধান পাওয়া যায়।
শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর বাসায় ফেরেননি তিনি। ওইদিন রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করে রিকশায় করে রওনা হন। পরে নগরীর আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।
দুই দিনেও তাঁর কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে তাঁর সন্ধানে অনুসন্ধান শুরু করে।
অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাঁর সন্ধান মেলে। পুলিশ জানিয়েছে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
https://slotbet.online/