• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভাইরাল ঘটনার মূল অভিযুক্ত লিটু গ্রেফতার ঝালকাঠিতে বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ৫ বরিশালে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই পটুয়াখালী ইপিজেড: দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বপ্ন, নাকি অবকাঠামো সংকটে অনিশ্চয়তা? বরিশালে থ্রি হুইলারের ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা মারযুক আব্দুল্লাহর করা ২৪৮ জনের বিরুদ্ধে মামলার দায় নেবে না জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর উপকূলের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাত এক ইলিশ ৭ হাজার টাকা

বরিশালে থ্রি হুইলারের ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা

স্টাফ রিপোর্টার / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর যাতায়াত সহজ, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করতে হলুদ অটোরিকশার সহ থ্রি হুইলারগুলো ভাড়া নির্ধারণ করলেও বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার পরিবর্তে অধিকাংশ চালক নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এতে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী, শিশু, বৃদ্ধ ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে দ্রুত সিটি বাস সার্ভিস চালুর দাবিও জানিয়েছেন নগরবাসী।

নগরীর বিভিন্ন সড়ক, মোড় ও অটোরিকশা স্ট্যান্ড ঘুরে দেখা যায়, একই গন্তব্যে একেক চালক একেক ধরনের ভাড়া দাবি করছেন। যেখানে নির্ধারিত ভাড়া ৫ টাকা, সেখানে ১০ টাকা আদায় করা হচ্ছে। লঞ্চঘাট থেকে নতুন নথুল্লাবাদে ২৫ টাকা, চৌমাথায় ২০ টাকা এবং বটতলা বা আশপাশের এলাকায় ১৫ টাকা নেওয়া হচ্ছে। আবার সদর রোড থেকে রুপাতলী ও নতুন নথুল্লাবাদে ২৫ টাকা এবং রুপাতলী পর্যন্ত ২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার কথা বললে অনেক চালক যেতে অস্বীকৃতি জানান অথবা অন্য যাত্রী খুঁজতে থাকেন। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশা চালক বলেন, তারা সিটি কর্পোরেশনের নতুন ভাড়ার তালিকা মানবেন না। চালকদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ীই ভাড়া আদায় করা হবে বলে তারা জানান।

অভিযোগ রয়েছে, রুপাতলী বাস টার্মিনাল, নথুল্লাবাদ, সদর রোড, চৌমাথা, বটতলা, হাসপাতাল এলাকা, নতুন বাজার, বান্দ রোড, লঞ্চঘাট, কাশীপুর, চরমোনাই, বগুড়া রোড ও কলেজ অ্যাভিনিউসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে অফিস সময়, বৃষ্টি, যানজট কিংবা সন্ধ্যার পর ভাড়া আরও বেড়ে যায়।

শিক্ষার্থী ও চাকরিজীবীরা বলেন, প্রতিদিন অতিরিক্ত ভাড়া দেওয়ায় মাস শেষে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা জরুরি প্রয়োজনে বের হলেও ভাড়ার ক্ষেত্রে কোনো মানবিকতা দেখানো হয় না বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের মতে, শুধু ভাড়া নির্ধারণ করলেই হবে না, তা বাস্তবায়নে নিয়মিত তদারকি জরুরি। অনেক অটোরিকশায় ভাড়ার তালিকা প্রদর্শন করা হয় না, আবার কোথাও তালিকা থাকলেও তা মানা হয় না। ফলে কোন ভাড়া সঠিক, তা অনেক যাত্রীই বুঝতে পারেন না।

সচেতন নাগরিকরা যাত্রীদের অভিযোগ গ্রহণে কার্যকর হটলাইন চালু, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা এবং প্রতিটি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা, চালকের পরিচয় ও অভিযোগ জানানোর নম্বর প্রদর্শনের দাবি জানিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, ভাড়া নির্ধারণের উদ্দেশ্য ছিল যাত্রী ও চালকের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করা। কিন্তু নিয়মিত তদারকির অভাবে সেই উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।

নগরবাসীর অভিযোগ, বরিশালে চলাচলকারী অনেক হলুদ অটোরিকশার বৈধ লাইসেন্সও নেই। এসব অবৈধ যানবাহন চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, কেবল কাগজে-কলমে ভাড়া নির্ধারণ করলেই হবে না; নিয়মিত অভিযান, কঠোর তদারকি এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই যাত্রীদের ভোগান্তির অবসান সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/