বরিশাল নগরীর রুপাতলী হাউজিং ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড এলাকায় বৃহস্পতিবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বিসিসির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় চার ব্যক্তির কাছ থেকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে একই আইনের ৯২(৩) ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান বলেন, নগরীর ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে এবং সিটি কর্পোরেশনের আইন বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আজকের অভিযান তারই অংশ। নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল, লাইসেন্সবিহীন ব্যবসা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ রকম আরো সংবাদ...