• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

অতিরিক্ত পেট্রল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন

বরগুনা প্রতিনিধি / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বরগুনায় অতিরিক্ত পেট্রল নিতে গিয়ে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর গাড়ি ফেলে রেখে চালক পালিয়ে যান। পুড়ে যাওয়া গাড়িটি সদর থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেল ৫টার দিকে সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান বরগুনা ট্রেডার্সে বৃহস্পতিবার বিকেলের দিকে এক মোটরসাইকেল চালক পেট্রল নিতে যান। জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেলের ট্যাংক ভরে গিয়ে অতিরিক্ত তেল উপচে পড়ে। ওই তেল মোটরসাইকেলের প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়।

পরে ওই আগুন ছড়িয়ে গিয়ে তেলের একটি ড্রামে লাগে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে উপস্থিত লোকজন স্থানীয় বিভিন্ন দোকান থেকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

এরপর মোটরসাইকেল চালক পালিয়ে যান। এখনো মোটরসাইকেলটির মালিককে শনাক্ত করা যায়নি।

জ্বালানি প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন জানান, প্রতিদিনের মতোই বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহ করছিলেন তারা। এসময় একটি মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলের ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও অতিরিক্ত জ্বালানি নেওয়ার সময় ট্যাংক পূর্ণ হয়ে তেল নিচে পড়ে যায়। পড়ে যাওয়া ওই পেট্রল মোটরসাইকেলটির প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়।

ঘটনার পর চালক পালিয়ে যায়। তাই পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনজুরুল ইসলাম জানান, জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠানের সামনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে ছিলেন তারা। এসময় এক মোটরসাইকেল চালক অতিরিক্ত তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তেল বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা চালককে শনাক্ত করার জন্য কাজ করছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/