দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়েও দাবি পূরণ না করায় এবং কলেজ প্রশাসনের টানা নিষ্ক্রিয়তার প্রতিবাদে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য ভবন মাঠে কচু গাছ লাগিয়ে এক ভিন্নধর্মী ও নীরব প্রতিবাদ জানিয়েছে কলেজের একঝাঁক সাধারণ শিক্ষার্থী। আজ শনিবার (৮ আগস্ট) বিকেল বেলা বিএম কলেজ ক্যাম্পাসে এই প্রতীকি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০২৫ সালে ক্যাম্পাস সংস্কারের দাবিতে তারা যখন ৫ দফা আন্দোলন পরিচালনা করেন। দাবিগুলো ছিলো:
১- আবাসন সংকট দূর করে অন্তত ৫ হাজার শিক্ষার্থীদের থাকার জন্য আবাসন সুবিধা তৈরী করা।
২- জলাবদ্ধতা নিরসন করে রাস্তা, ড্রেন সংস্কার।
৩- ড্রেজিং করে বালু দিয়ে মাঠ ভরাট
৪- অডিটোরিয়াম সংস্কার ও আধুনিকায়ন।
৫- বিভিন্ন ডিপার্টমেন্ট এর সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।
তখন কলেজ প্রশাসন মাঠ ও রাস্তা মেরামতসহ বেশ কিছু মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে গত মে মাসে সাধারণ শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে পুনরায় আন্দোলন করলে, ২২টি বিভাগের অংশগ্রহণে দ্রুততম সময়ে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে অধ্যক্ষ একাধিকবার শিক্ষকদের নিয়ে কমিটি গঠন ও বৈঠক করলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন:
”আজকের কর্মসূচিটি ছিল আমাদের একটি প্রতিকৃতি আন্দোলন, যার মাধ্যমে আমরা কলেজ প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই। সাধারণ শিক্ষার্থীদের ভুয়ো আশ্বাস দিয়ে থামিয়ে রাখা যাবে না। প্রশাসনের এই ব্যর্থতা ও নীরব ভূমিকার বিরুদ্ধেই আজকে আমরা বিএম কলেজ প্রশাসনকে প্রতীকীভাবে কচু গাছ উপহার দিয়েছি।”
একই অসন্তোষ প্রকাশ করে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি বলেন:
”কলেজ প্রশাসন বরাবরই আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। কোনো দাবির কথা উঠলেই শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করা হয়, অথচ সেই কমিটি কোনো ফল এনে দিতে পারে না। ৫ আগস্টের পর থেকে আমরা বারবার সোচ্চার হয়েছি। বর্তমানে বিএম কলেজের সবচেয়ে বড় সমস্যা হলো তীব্র জলাবদ্ধতা। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।”
প্রতিবাদ কর্মসূচিতে হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান তানভীর ও সাবিদ উপস্থিত ছিলেন।
এদিকে বিএম কলেজ মাঠে কচু গাছ রোপণের এই অভিনব দৃশ্যের ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থী ও নেটিজেনরা প্রশাসনের এমন উদাসীন ভূমিকার তীব্র সমালোচনা করছেন।
শিক্ষার্থীদের স্পষ্ট দাবি অবিলম্বে কলেজ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সরকার ও প্রশাসনের সঙ্গে দ্রুত সমন্বয় করে কাজ শুরু করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও বৃহৎ ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
https://slotbet.online/