বরিশাল জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে আজ ৩০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধন) ২০১৩ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তৃতায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ধূমপান ও তামাক সেবনের ফলে মানবদেহে মারাত্মক ও দীর্ঘস্থায়ী ক্ষতি হয়। বিশেষ করে তামাকজাত দ্রব্য ব্যবহারকারীরা হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, শ্বাসনালী ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়। রোগাক্রান্ত ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি তার পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।
তিনি বলেন, শিশুদের সামনে ধূমপান করা অনুচিত কেননা পরিবারের বড়দের দেখাদেখি শিশুরাও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রতি আকৃষ্ট হয়। তাছাড়া তামাক সেবনের ফলে ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি আশেপাশের অধূমপায়ীরাও বিশেষ করে শিশু ও পরিবার সমানভাবে ক্ষতিগ্রস্ত হন। পরিবারে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এসময় তিনি তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে হলে দেশে প্রচলিত আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি জেলা টাস্কফোর্স কমিটিকে নিয়মিত মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করতে হবে এবং আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনতে হবে। ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সিভিল সার্জন ডাঃ এস.এম.মনজুর-এ-এলাহী, মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজাজ হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
https://slotbet.online/