বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও সিএনজির ভাড়া বৃদ্ধি, অনিয়ন্ত্রিত চলাচল এবং গণপরিবহন সংকটের প্রতিবাদে শিক্ষার্থীরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। একইসঙ্গে সিটি বাস সার্ভিস পুনরায় চালু, ভাড়া নির্ধারণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
বুধবার দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বরিশাল সিটি কর্পোরেশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।
স্মারকলিপিতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও সিএনজির নিয়ন্ত্রণ, নির্ধারিত ভাড়া কার্যকর, চালকদের প্রশিক্ষণ, যাত্রী হয়রানি বন্ধ এবং দ্রুত সিটি বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “আমি প্রশাসকের পক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো গ্রহণ করলাম। প্রশাসক বরিশালে আসার পর বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, নগরীতে প্রায় সাড়ে সাত হাজার নিবন্ধিত হলুদ অটোরিকশা রয়েছে, যাদের অনেকেই এখনো নিবন্ধন নবায়ন করেননি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের নামে প্রচারিত কথিত ভাড়ার তালিকাকে তিনি ভুয়া উল্লেখ করে এর প্রতিবাদ জানান।
এ সময় তিনি বরিশাল নগরীতে পুনরায় সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থীরা উপকৃত হবে।
https://slotbet.online/