উচ্ছ্বাস, আনন্দ আর নানান বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠান। আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকাল ১০:০০টায় কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে (শূন্য গ্রাউন্ড) এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখা।
নবীনবরণ অনুষ্ঠানের শুরুর পর অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে আগমন ঘটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক (নুর) এমপি-র। ক্যাম্পাসে পৌঁছে তিনি বিএম কলেজের আবাসন সংকট সরেজমিনে দেখতে মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলের ‘A ও ‘D’ ব্লক এবং হিন্দু হোস্টেল পরিদর্শনে যান। সেখানে তিনি হলের অবকাঠামোগত সমস্যাগুলোর ভিডিও চিত্র ধারণ করেন।
পরিদর্শন শেষে হোস্টেলের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী জনাব নুরুল হক (নুর) বলেন, ”বরিশালের এই যে দুইটা হলে গেলাম। জরাজীর্ণ, পলেস্তারা খসে পড়তেছে, কার্নিশ ভেঙে পড়তেছে। খুবই ঝুঁকিপূর্ণ। আমি আমার জায়গা থেকে এটা শিক্ষা মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে শেয়ার করব।”
পরিদর্শন শেষ করে প্রতিমন্ত্রী পদার্থবিজ্ঞান ভবনের সামনে পৌঁছালে বিএম কলেজ বিএনসিসি (BNCC) কন্টিনজেন্টের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এরপর মূল মঞ্চে নবীনবরণ ও আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে টি-শার্ট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিএম কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে কলেজের সমস্যা তুলে ধরা আলোচনা সভায় বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মোঃ তাজুল ইসলাম প্রতিমন্ত্রীর এই নিবিড় পরিদর্শনকে সাধুবাদ জানিয়ে ক্যাম্পাসের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ”উনি ক্যাম্পাসে এসে প্রথমে আমার অফিসে গেছেন। তারপরে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছেন। বিভিন্ন ছাত্রাবাস ঘুরে দেখেছেন। যেভাবে উনি প্রতিটি জায়গা ভিজিট করেছেন এটা আসলেই অভূতপূর্ব। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পক্ষে আমাদের ক্যাম্পাসে এতটা সময় দেওয়া এবং শিক্ষার্থীদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখা এবং সেই ক্ষেত্রে উনি আমাদের আশ্বাস করেছেন যে, আমাদের এই দুঃখ দুর্দশা শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে উনি উনার কাজ করে যেতে থাকবেন।”
প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রতিমন্ত্রীর প্রতি আশাবাদ ব্যক্ত করে অধ্যক্ষ আরও যোগ করেন,
”উনি একজন সম্মানীয় উদীয়মান নেতা আমাদের দক্ষিণ অঞ্চলের… সুতরাং আমি আশা করি উনার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমাদের প্রতিষ্ঠানকে উনি সর্বতোভাবে সহযোগিতা করবেন।”
অধ্যক্ষের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক (নুর) বিএম কলেজের মাঠ ও পরিবহন (বাস) সংকট নিরসনে নিজ অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতির কথা জানান।
বাস সংকট সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী সরাসরি বলেন, ”বাসের বিষয়টার ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার আমাকে একটা কাগজ দিয়েছেন যে এই কলেজের নিজস্ব অর্থায়নে দুইটা বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন পায় নাই। টাকা এই কলেজের নিজস্ব ফান্ড। আশা করি এটা আমি বলব যে সচিবকে অনুমতিটা দিয়ে দিতে। তাহলে দুইটা তো কলেজের নিজস্ব ব্যবস্থাপনাতেই হচ্ছে।”
একই সাথে তিনি ক্যাম্পাসের খেলার মাঠ ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আশ্বাস দিয়ে বলেন, ”এখানে যেন হল সংস্কারের পাশাপাশি বিশাল বিশাল মাঠ আছে। কিন্তু মাঠ খেলার উপযুক্ত না… আপনারা জেলা পরিষদ থেকেও আট-দশ লাখ টাকা এনে বালু টালু ফেলে মাঠটাকে খেলার উপযুক্ত করা যায়। আমার জায়গা থেকে যতটুকু পারি আমি কিছু করার চেষ্টা করব।”
তিনি আরও যোগ করেন, ”এই বরিশাল অঞ্চলের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, এমপি আছেন, তাদের সাথেও আলাপ করে যে এখানে একটা পরিবহন কিংবা এই যে মাঠে কিংবা শিক্ষার্থীদের স্কলারশিপের—সবাই মিলে কীভাবে একটা সহযোগিতা করা যায়, আমার জায়গা থেকে একটা উদ্যোগ আমরা নেব।”
ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাইনুল হকের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাব্বির হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী দোহা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে.এম রকিব সহ বিএম কলেজ ও বরিশাল জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্টের আয়োজন করা হয়।
https://slotbet.online/