• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ঈদের আগে মেহেন্দিগঞ্জে ২৬ চোরাই গরু জব্দ

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চরে অভিযান চালিয়ে বাছুরসহ ২৬টি চোরাই গরু জব্দ করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ যত ঘনিয়ে আসছে ততই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে চলেছে। চুরি আতঙ্কে খামারি ও কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিলেও থামছে না চোরচক্রের তৎপরতা। ফলে নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেক খামারি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক মতিউর রহমান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া গরুগুলো কোরবানির বাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া এলাকায় এনে মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়ির গোয়ালঘরে এখনও ৫০টির বেশি চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে। এছাড়া চরএককরিয়া ইউনিয়নের দাদপুর চর এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট ঈদকে সামনে রেখে চোরাই গরু মজুত করেছে বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেও দাদপুর চর এলাকা থেকে ৭টি চোরাই গরু উদ্ধার এবং একজনকে আটক করেছিল পুলিশ। তবে ওই চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

এদিকে বারবার চোরাই গরু জব্দ হওয়ায় নতুন সংকটে পড়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাসের পর মাস জব্দ করা গরুর ভরণপোষণের দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশ সদস্যদেরই।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক এএসআই জানান, কয়েক মাস আগে উদ্ধার করা ৭টি গরুর মালিক এখনও শনাক্ত হয়নি। ফলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গরুর খাবার, পরিচর্যা ও চিকিৎসা নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশকে। গো-খাদ্যের বাড়তি দামের কারণে এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, চোরাই গরু উদ্ধার ও সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত গরুর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গোপনে মজুত রাখা বাকি গরু উদ্ধার এবং চক্রের মূল হোতাদের ধরতে অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/